আজকের শিক্ষার্থীরাই ডিজিটাল কারিগর : পলক

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩০  
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পথে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ধাপে ধাপে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের জন্য যোগ্য কারিগর হিসেবে তৈরি করা হচ্ছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ-এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ল্যাপটপ ও শিক্ষা উপকরণ বিতরণের সময় এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২০টি ল্যাপটপ বিতরণ করার সময় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আরো ১০০টি ল্যাপটপ বিতরণ করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে মধ্যম আয়ের দেশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এই ধারাকে এগিয়ে নিতে আগামী ৫ বছরে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব হবে। দেশের প্রতি ইঞ্চি মাটি ব্রডব্যান্ডের অধীনে আসবে। তিনি জানান, অনূর্ধ ১৮ বছর বয়সী প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাড়ে ৪ কোটি ছাত্রকে ধাপে ধাপে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশের সুযোগ্য ডিজিটাল কারিগর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, আজ শিশু-কিশোররা প্রোগ্রামিং শিখছে। রোবটিক শিখছে। প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে। প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশে আজ ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যার যার শহরে ও ঘরে বসে ৬ লাখ ফ্রিল্যান্সার আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছে। বাংলাদেশের অর্থীনিতিকে ডিজিটাল অর্থনীতিমুখী করছে। জুনাইদ আহমেদ পলক বলেন,  দেশজুড়ে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। ২৮টি হাইটেক পার্ক এবং ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন করে আরো ১০ লাখ লোকের কর্মসংস্থান তৈরি করা হচ্ছে। আগামী ৫ বছরে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। আরো ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে।